“ধুনটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার গ্রেপ্তার”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি চলাকালে দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের জিঞ্জিরতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত আজাহার তরফদারের ছেলে ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এর আগেও তিনি দুইটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেয়ার-টেবিল ভাঙচুরসহ কর্মীদের পিটিয়ে আহত করে।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা থানায় মামলা করতে গেলে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবের কারণে তা সম্ভব হয়নি। পরে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে এ বছরের ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হায়দার আলী জানান, এজাহারে আল আমিন তরফদারের নাম না থাকলেও তদন্তের মাধ্যমে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে”।
Leave a Reply