“চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির সংবাদ সম্মেলনে বিদেশি অস্ত্র উদ্ধার সম্পর্কে জানানো হলো”
আলী হাসান, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
১৫ ডিসেম্বর ২০২৫: চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, এমন তথ্য আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় গোয়েন্দা তথ্য ভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রাস্তার ওপর থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করিয়ে বড় ধরনের নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাই সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা, টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে বিজিবি বিভিন্ন সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এই ধরনের অভিযান ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবৈধ পাচার প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
Leave a Reply