“ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত”
মোঃ আশরাফুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫ ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
দিবসটির কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। এরপর শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, এবি পার্টি, এনসিপি, প্রেসক্লাব ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮টায় উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এরপর সকাল ৯টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এ সময় মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার ও গার্লস ইন রোভার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১টা ৩০ মিনিটে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা শাখা জামায়াতে ইসলামী মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যালির আয়োজন করে।
সার্বিকভাবে ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন পরিণত হয় শ্রদ্ধা, ঐক্য ও আনন্দঘন এক উৎসবে।
Leave a Reply