“মুন্সীগঞ্জে পদ্মার বুকে নতুন চর, ঘুরতে আসছেন দূর-দূরান্তের মানুষ”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি-হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় পদ্মা সেতুর নিচে নতুন করে চর জেগে ওঠায় পর্যটকদের ভিড় বেড়েছে কয়েকগুণ। পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য ও সেতুর নান্দনিক দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ।
বিশেষ করে পদ্মা সেতুর নিচে জেগে ওঠা নতুন চর এলাকায় দাঁড়িয়ে কাছ থেকে সেতুর সৌন্দর্য দেখার সুযোগ তৈরি হওয়ায় পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে। সেতুর ওপর দিয়ে একসঙ্গে ট্রেন ও যানবাহন চলাচলের দৃশ্য, আর নিচে প্রবহমান পদ্মার রূপ, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা পাচ্ছেন দর্শনার্থীরা।
এ বিষয়ে পর্যটক রাজিব হাওলাদার বলেন, পদ্মা নদীর সৌন্দর্য আর নতুন জেগে ওঠা চর দেখতে সত্যিই ভালো লাগে। তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি।
আরেক পর্যটক, জাপান প্রবাসী তুষার জানান, দৃশ্যটা অসাধারণ। একসাথে ট্রেন যাচ্ছে, গাড়ি চলছে—সব মিলিয়ে খুব চমৎকার লাগে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে শুক্রবার ও সাপ্তাহিক ছুটির দিনে কুমারভোগ এলাকার পদ্মা সেতু সংলগ্ন অংশে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে। এতে এলাকার চিত্রও বদলে যাচ্ছে, বাড়ছে মানুষের চলাচল ও প্রাণচাঞ্চল্য।
প্রাকৃতিক সৌন্দর্য, নতুন চর আর আধুনিক স্থাপনার মেলবন্ধনে কুমারভোগের পদ্মা সেতু এলাকা ধীরে ধীরে পর্যটকদের নতুন আকর্ষণকেন্দ্রে পরিণত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
Leave a Reply