“হোমনায় মহান বিজয় দিবসের আলোচনা সভা রূপ নেয় বিএনপির কর্মী সমাবেশে”
মোঃ আসাদ উল্লাহ,হোমনা উপজেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় আয়োজিত আলোচনা সভা শেষ পর্যন্ত বিএনপির এক বৃহৎ কর্মী সমাবেশে পরিণত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় হোমনার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু নাছের ওয়াহেদ সম্পদ, মোঃ শাজাহান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়া মুছা, মোঃ সাইফুল ইসলাম রাজা, মোঃ শাহ আলম হিমেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইজউদ্দিন সাজু প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। আজ সেই ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করতে ঘরে ঘরে প্রচার চালানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার মাধ্যমে বিএনপিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপির আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তাদের বক্তব্যের ধারাবাহিকতায় আলোচনা সভাটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মী সমাবেশে রূপ নেয়।
সভায় হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply