“দেওয়ানগঞ্জে কাবিটা প্রকল্পের রাস্তার কাজ সম্পন্ন”
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচির আওতায় ৩ লক্ষ টাকা ব্যয়ে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পান্তামারীতে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১০টায় কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন প্রকল্প সভাপতি ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পি। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সেক্রেটারি মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, আলমগীর হোসেন মাস্টার, আলাল হোসেন, সুরমান আলী প্রমুখ।
সম্প্রতি কাজটি শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও মাঠের ফসলবাহী যানবাহনের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। কলাগাছের ভেলাই ছিলো তাদের একমাত্র সম্বল।
কাবিটা প্রকল্পের আওতায় রাস্তার মাটি ভরাট ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে।
প্রকল্পটির জন্য সরকারিভাবে মোট ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পি বলেন, এলকাবাসীর কথা চিন্তা করে চেয়ারম্যান আজিজুর রহমান আমাকে প্রকল্পের কাজটি দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে নিয়ম অনুসরণ করে কাজটি বাস্তবায়ন করা হয়েছে। কাজের মান নিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা আলাল হোসেন বলেন, এই রাস্তার জন্য আমাদের অনেক কষ্ট হতো। এখন চলাচল সহজ হয়েছে, বাজারে যেতে ও স্কুলে যেতে আর সমস্যা হবে না। এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো আরও শক্তিশালী হবে।
Leave a Reply