“লালপুরে অনুমোদনহীন ইটভাটা ভেঙে স্থায়ীভাবে বন্ধ,৩ লাখ টাকা জরিমানা”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
লালপুরে অনুমোদনহীন একটি ইটভাটা ভেঙে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়নের কুজিপুকুর এলাকায় এম.এস.এস নামের ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় লালপুর উপজেলার এবি ইউনিয়নের অনুমোদনহীন এম.এস.এস. ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাটার স্বত্বাধিকারী অলিউর ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, লালপুর থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
Leave a Reply