“জাবেদ আলীর নেতৃত্বে এক কোটি অনুসারীর ঐতিহাসিক মাইলফলক ছুঁল বিডিক্রিকটাইম”
আলী হাসান, স্বদেশের কন্ঠ প্রতিনিধি।
বাংলাদেশের ডিজিটাল ক্রিকেট সাংবাদিকতায় নতুন এক অধ্যায়ের সূচনা করল বিডিক্রিকটাইম। অফিসিয়াল প্ল্যাটফর্মে এক কোটি অনুসারীর মাইলফলক অর্জনের মাধ্যমে দেশের ক্রিকেটভিত্তিক ডিজিটাল মিডিয়ায় অনন্য ইতিহাস গড়েছে প্রতিষ্ঠানটি। এই অর্জন উদযাপন উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিন সাবেক অধিনায়কের উপস্থিতিতে বিডিক্রিকটাইমের এই অর্জন পায় ভিন্নমাত্রা।
২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম প্রথম থেকেই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক ক্রিকেট সংবাদ পরিবেশনে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে শুধু সংবাদ নয়, বিশ্লেষণ, ইতিহাস, ভিডিও কনটেন্ট ও লাইভ আপডেটের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। এক কোটি অনুসারী অর্জন সেই দীর্ঘ পথচলারই স্বীকৃতি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন ক্রিকেট বোঝার অন্যতম প্রধান মাধ্যম। তিনি বলেন, ‘এক থেকে শুরু করে আজ এক কোটি অনুসারী—এটা সহজ কাজ নয়। এই সংখ্যার সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। ইতিবাচক, শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক ক্রিকেট কনটেন্ট পরিবেশন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, জেলা পর্যায়ের ক্রিকেট, নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে, কারণ ভবিষ্যতের ক্রিকেট গড়ে ওঠে এখান থেকেই।
বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে থাকার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন থেকেই অনলাইনে কাজ শুরু করেন। তিনি বলেন, ‘আজ এক কোটি অনুসারী—এটা একার অর্জন নয়। আমার টিম, পাঠক ও দর্শকদের ভালোবাসাই এই সাফল্যের মূল শক্তি।’
অনুষ্ঠান শেষে অতিথিরা বিডিক্রিকটাইম পরিবারকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply