“বরিশাল বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন”
ধীমান ঢালী, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরের (সাড়ে ১২টার ) দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শুভ ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়েছিল। খুব শিগগিরই তার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা চাই, এই ঘটনার পেছনের কারণ যথাযথ তদন্তের মাধ্যমে উদঘাটন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।”
এ সময় বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন—পুলিশের পক্ষ থেকে মামলা করলে কোনো লাভ হবে না বলে জানানো হয়েছে। এমনকি শুভর ভাই ও ভাবীকেও ভয়ভীতি দেখানো হয়েছে বলে তারা দাবি করেন। মামলার বিষয়ে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট মেয়ের পরিবারের পক্ষ থেকে পুলিশকে আগেই প্রভাবিত করা হয়েছে। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত ঘটনা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার বলেন, “শুভ আমাদের সন্তানের মতো। আত্মহত্যার আগে সে একটি ফেসবুক পোস্ট দেয়। সেখানে স্পষ্টভাবে বোঝা যায়, তাকে আত্মহত্যার দিকে প্ররোচিত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্ররোচনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগী ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেন। গত ৩ জানুয়ারি পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ফেসবুক পোস্টে শুভ তার আত্মহত্যার জন্য প্রেমিকা, প্রেমিকার বাবা, কাকা ও জেঠুকে সরাসরি দায়ী করে গেছেন।
Leave a Reply