“জামালপুরে স্কুল ছাত্র জিহাদ হত্যা আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ”
মোঃআবিদ সরকার (জামালপুর প্রতিনিধি)
জামালপুরে স্কুলছাত্র জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও ক্ষুব্ধ এলাকাবাসী। এসময় জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও গহেরপাড়া এলাকার সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জেলা সদরের গহেরপাড়া মসজিদের পাশে ছুরিকাঘাতে নিহত হয় জিহাদ। সে পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় নারিকেলী এলাকায় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না ও তার সহযোগীরা জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের পরিবার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।
বিক্ষোভে অংশ নিয়ে জিহাদের মা বলেন, মুন্না সাইদ আমার ছেলেকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
নিহতের চাচাতো ভাই সাকিব বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা শুধু ন্যায়বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
Leave a Reply