“অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন, চৌদ্দগ্রামে দুটি মামলা”
হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, গতকাল ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং আজ ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
যুগিরখিল এলাকায় অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত দুটি ড্রাম ট্রাক এবং একটি স্কেভেটর জব্দ করা হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি কাটার মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধে একই আইনের একই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং যে কোনও পরিমাণ অর্থদণ্ডের বিধান রয়েছে। উপযুক্ত আদালতে বিচার প্রক্রিয়া ও নিলাম সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল নিষ্পত্তি করা হবে।
চৌদ্দগ্রামের সহকারী কমিশনার ভূমি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে আনসার সদস্য এবং চৌদ্দগ্রাম থানার একটি দল সহযোগিতা করে।
Leave a Reply