“বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের নামে ছড়ানো ভিডিওটি ভুয়া: নেপথ্যে অপপ্রচার”
আশিকুজ্জামান রানা,জেলা প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের দুরাকুটিতে অবস্থিত বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত হওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্যপট বা ঘটনার সাথে এই কলেজের কোনো সম্পর্ক নেই।
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে “বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের ক্লাসরুমে অসামাজিক কার্যকলাপ” শিরোনামে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বিভিন্ন পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে জানা যায় ভিডিওর যে ক্লাসরুম বা অবকাঠামো দেখা গেছে, তার সাথে উক্ত কলেজের বাস্তব চিত্রের কোনো মিল নেই।
কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটেনি এবং ভিডিওটি তাদের কলেজের নয়।
সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র থেকেও এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে একটি মহল ইন্টারনেটে প্রাপ্ত ভিন্ন কোনো স্থানের ভিডিও এই কলেজের নামে চালিয়ে দিচ্ছে। তারা আরও জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।
কোনো ভিডিও বা সংবাদ শেয়ার করার আগে তার উৎস নিশ্চিত হওয়া জরুরি। যাচাইহীন তথ্য প্রচারের ফলে যেমন ব্যক্তির সম্মানহানি ঘটে, তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জন ধূলিসাৎ হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা অপপ্রচার চালানো একটি দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যা দেখি, তার সবকিছু সত্য নয়। সত্যতা নিশ্চিত না হয়ে কোনো কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকুন।
Leave a Reply