“রামুতে বিজিবির অভিযানে ২৪০০০ পিস ইয়াবাসহ আটক ১”
হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালানো হলে এক যাত্রীর ব্যাগ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি এফডিএমএন মো. সাহেদ (১৯)। তিনি উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply