“ধুনটে সড়ক দুর্ঘটনায় মাছ বিক্রেতার মৃত্যু, আহত ১”
আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় পবিত্র হাওলাদার (৩০) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র হাওলাদার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালোপাড়া এলাকার জিতেন্দ্র হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র হাওলাদার বিভিন্ন আড়ত থেকে মাছ কিনে ধুনটের হাট-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তিনি ধুনট থেকে সিএনজিযোগে শেরপুর উপজেলায় মাছ কিনতে যাচ্ছিলেন।
পথিমধ্যে শালফা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি যাত্রীসহ রাস্তার পাশের একটি গর্তে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই পবিত্র হাওলাদারের মৃত্যু হয়। সিএনজিতে থাকা অপর একজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি শনাক্ত ও চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply