“আদিতমারীর দুর্গাপুর বাজারে গণভোটের জোয়ার: প্রচারণায় ব্যস্ত ক্যানভাসাররা”
আশিকুজ্জামান রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বাজারে আসন্ন গণভোটকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্যানভাসারদের প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে সীমান্তঘেঁষা এই বাণিজ্যিক জনপদ।
সরকারি নির্দেশনায় এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই প্রচারণায় ক্যানভাসাররা মাইকিং, লিফলেট বিতরণ এবং পথসভার মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন। প্রচারণার মূল বিষয়গুলো হলো তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐকমত্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন এবং একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান। ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ।
দুর্গাপুর বাজারে গিয়ে দেখা যায়, ক্যানভাসাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যবসায়ীদের দোকানে ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। বিশেষ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ব্যানারে প্রচারপত্র বিলি করতে দেখা গেছে। বাজারের চায়ের দোকানগুলোতে এখন প্রধান আলোচনার বিষয় ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ফলাফল কী হতে পারে।
বাজারের স্থানীয় ব্যবসায়ী মন্জুর আলম প্রামানিক জানান, “আগে কখনো গণভোটের প্রচার এমন দেখিনি। ক্যানভাসাররা এসে বুঝিয়ে বলছেন কেন আমাদের ভোট দেওয়া প্রয়োজন। বিশেষ করে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছর করার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে এবং সচেতনভাবে তাদের রায় দিতে পারেন, সেজন্যই এই প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গাপুর বাজারের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে এই ক্যানভাসিং চলবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমেই দেশের শাসনব্যবস্থা ও সংবিধানে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করবে সাধারণ জনগণ।
Leave a Reply