“মুন্সিগঞ্জ গজারিয়ায় বিদেশি অত্যাধুনিক পিস্তলসহ নারী গ্রেপ্তার”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশিদ শেখ
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নারীর নাম আমেনা আক্তার মালা (৩২)। তিনি রাজধানী ঢাকার কদমতলী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। তিনি জানান, গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে আমেনা আক্তার মালাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply