“লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু করতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান”
খাগড়াছড়ি প্রতিনিধি।
পাহাড়ি জনপদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাঙামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কলেজটির শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার প্রয়োজনীয় শর্ত পূরণে চার লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনীর লংগদু জোন।
বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের জোন কমান্ডার কলেজ কর্তৃপক্ষের কাছে এ অনুদানের অর্থ হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া এই অর্থ কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট শর্ত পূরণে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর ফলে কলেজটি পূর্ণাঙ্গভাবে পাঠদান কার্যক্রম শুরু করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে। এতে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভোগান্তি ও আর্থিক চাপও কমবে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা বিস্তার, জনকল্যাণ ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম সচল ও সম্প্রসারণে এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
লংগদু জোন মনে করে, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা উন্নত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার সুযোগ সম্প্রসারণেই নয়, বরং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লংগদু জোন।
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।
Leave a Reply