“ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ”
আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম এবং সদস্যসচিব আব্দুস ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট এবং সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দৌলতপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানিমূলক তৎপরতা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে তা মোকাবিলা করবেন।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ বিএনপির পাশে রয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছেন।
Leave a Reply