“মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, বন্ধ ২ প্রতিষ্ঠান, জরিমানা ৭৬ হাজার টাকা”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঘিওর আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম।
অভিযান চলাকালে ঘিওর আধুনিক হাসপাতালে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও নিয়মের ব্যত্যয় ধরা পড়ে। হাসপাতালটিতে নারী ও পুরুষ রোগীদের জন্য আলাদা কেবিন বা ওয়ার্ডের ব্যবস্থা ছিল না। পাশাপাশি স্বাভাবিক প্রসবের জন্য নির্ধারিত কক্ষ না থাকা, অপারেশন থিয়েটারের নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অসংগতি এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূত পরীক্ষা করার বিষয়গুলো উঠে আসে। এসব কারণে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এভারগ্রীন মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ওঠে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ইউনিক মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং পরীক্ষাগারে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম জানান, সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, জেলার সব মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এরই অংশ হিসেবে ঘিওরের তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনে প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ততা নিয়ে গুরুতর অসংগতি পাওয়া গেছে। সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply