“নেত্রকোণার বড় বাজারে চালের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা”
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোণা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চাউল মহলে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে মজুত রাখা চাল, ডাল, লবণ, ময়দা, তেল, কয়েলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় গোডাউনের আশপাশে থাকা আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।আজ
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের বড় বাজারের চাউল মহলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করেন। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টা ১০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে স্বপন দাশের মালিকানাধীন টিনশেড গোডাউনটি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে গোডাউনে সংরক্ষিত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে যায়।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ২০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তাঁদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply