“ঘোড়াঘাটের ভর্ণাপাড়া বাজারে নেই কোন স্বাস্থ্যকেন্দ্র ,দুর্ভোগে কয়েক হাজার এলাকাবাসী”
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য নেই কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফলে সাধারণ চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জে যেতে হচ্ছে তাঁদের। এতে শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও যোগাযোগকেন্দ্র হওয়া সত্ত্বেও ভর্ণাপাড়া বাজারে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সামান্য অসুস্থতায়ও দূরে যেতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বাজারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রেখে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হোক। ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।
Leave a Reply