“দিনের বেলায়ও ভয় — খুলনা থেকে লুট, হত্যা ও ধর্ষণের বিচার চাইলেন নেতারা”
খুলনা জেলা প্রতিনিধি:
দিনের আলোতেও নিরাপদ নয় খুলনা। রাস্তায় বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হচ্ছে, টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম আর হত্যার মতো ঘটনা ঘটছে — এমন গুরুতর অভিযোগ তুলে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমদ হামিম রাহাত। সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামানসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে ক্ষমতায় থেকে লুটপাটের সাম্রাজ্য বানিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, মেগা প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুট, সরকারি জমি দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এই লুটপাট টিকিয়ে রাখতেই হত্যা আর ভয়ের রাজনীতি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবাদকারীদের গুম ও খুন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। সবচেয়ে লজ্জার বিষয় হলো, এই সময়ে মা-বোনেরাও নিরাপদ ছিলেন না। বিরোধী দলের নারী কর্মী, শিক্ষার্থীসহ সাধারণ নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতার দাপটে সেসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীরাই উল্টো হুমকির শিকার হয়েছেন।
তিনি বলেন, লুটপাট, হত্যা ও ধর্ষণের এই রাজনীতির বিচার হতেই হবে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আখতার হোসেন বলেন, দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনা দেখতে চান না খুলনার মানুষ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্বশীলদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি আরও বলেন, আয়নাঘরে মানুষকে বন্দি রাখা এবং ভোটাধিকার হরণের মতো অপরাধের বিচার করতে হবে। আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে রাজধানী থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারত্ব চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে, যাতে নির্যাতনের শিকার মানুষ সরাসরি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।
জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগণের রায়ও কার্যকর করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে দেশে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়।
এনসিপির লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত হবে এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, কোনোভাবেই প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নাশকতা চালানোর সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।
মোক্তার হোসেন।
খুলনা।
Leave a Reply