“শিক্ষা অর্জনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: পারফরমেন্স বেজড গ্র্যান্টস (PBG) পুরস্কার বিতরণ”
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।
শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দিতে খাগড়াছিতে অনুষ্ঠিত হলো পারফরমেন্স বেজড গ্র্যান্টস (PBG) পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (৩০ জুলাই) সকালে খাগড়াছি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা ও উপজেলা শিক্ষা অফিস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)’ এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে এসেছে। দুই ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে পাঠানো হয় সম্মানজনক এই আর্থিক পুরস্কার।
মাধ্যমিক পর্যায়ে ১৩ জন শিক্ষার্থী পেয়েছেন জন প্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯ জন পেয়েছেন জন প্রতি ২৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে ৬ লক্ষ ৫ হাজার টাকার এই অনুদান সরাসরি শিক্ষার্থীদের একাউন্টে প্রেরণ করা হয়।
এ উপলক্ষে আজ খাগড়াছি জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইউসুফ আদনান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, খাগড়াছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম এবং নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
বক্তারা বলেন, “এই ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করে, যা তাদের শিক্ষা অর্জনে আরও উৎসাহিত করবে।”
তারা আরও বলেন, “শুধু পাঠদান নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই ধরনের প্রণোদনা কার্যকর ভূমিকা রাখবে। এসব প্রতিষ্ঠানের সাফল্য আগামীর শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকরা জানান, এই ধরনের উৎসাহব্যঞ্জক উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার মানোন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে।
এটি ছিল কেবল পুরস্কার নয়, ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গড়ার পথে শিক্ষার্থীদের জন্য এক মূল্যবান অনুপ্রেরণা।
Leave a Reply