“ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন”
হামিম জেলা প্রতিনিধি, ব্রাহ্মবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সানিউর রহমানের সঞ্চালনায় এবং ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—তিশা রাণী পোদ্দার (ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ), কাজী রায়হান শাহ ও শাহ আলম পালোয়ান (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ), জাহিদ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ), তৌফিক হাসান ও হোসাইন ইসলাম জয় (অন্বেষা বিদ্যাপীঠ)।
বক্তারা জানান, দীর্ঘ ৫-৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চলছে। সম্প্রতি (১০ আগস্ট) অর্থ উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ডিও লেটার পাঠিয়েছেন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তারা চান—এই প্রক্রিয়া যেন দ্রুত শুরু হয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমও ত্বরান্বিত করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলেও এসব প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তারা প্রত্যাশা করেন, এবার যেন প্রতিশ্রুতি বাস্তব রূপ পায়। নচেৎ পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply