“স্বচ্ছ নেতৃত্ব বিকাশের অঙ্গীকারে সোকসাস নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা”
মাহমুদুল হাসান তাফির : ক্যাম্পাস প্রতিনিধি
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর ২০২৫-২০২৬ সালের নির্বাচন ও কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বা অনুমোদন সাপেক্ষে ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জনাব নাজমুল খান সুজন। এছাড়াও নির্বাচন কমিশনে থাকবেন জনাব আরিফুল ইসলাম, জনাব মোহাম্মদ যুবায়ের, জনাব বীর সাহাবী ও জনাব ফেরদৌস সাগর।
সোকসাস এর নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজন কাছে জানাতে চাইলে তিনি বলেন –
সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবি ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেওয়া আলাদা রঙের কালি ব্যবহার করা হবে। এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অনাড়ম্বর পরিবেশে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে চারজন কমিশনার রয়েছেন, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো।
নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদ জানান –
কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো। আমি আশা করি, এই কমিশনের মাধ্যমে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যারা দায়িত্বে আসবে তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে—এই আশাই করি। সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন –
আমি বেশকিছুদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলাম, এর মধ্যে সংগঠনের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব হয়েছে করেছি। আমার অসমাপ্ত কাজগুলো পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সদস্যরা করবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশন নিয়ে বলতে গেলে, খুবই সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আশা করি তারা সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আর সমিতির সদস্যরা নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। আগামী কমিটিতে থাকার বিষয়ে বলতে গেলে আমি আসলে চাচ্ছি না, যদিও সদস্যদের ইচ্ছে ছিল। কিন্তু আমি চাই নবীনরা সামনে আসুক, তারা তাদের সৃজনশীলতা দিয়ে সংগঠন এবং কলেজের সার্বিক উন্নয়নের অংশীদার হোক।
সাধারণ সদস্যদের ধারণা এই নির্বাচনের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হবে। সমিতির সক্রিয় সদস্যরা তাদের নিজস্ব মতামত ও পছন্দের ভিত্তিতে প্রার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবেন। নির্বাচিত নেতৃত্ব আগামী এক বছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনা করবে, সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংগঠনিক উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে। পাশাপাশি তারা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার পেশাগত দিকগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে। এভাবে গণতান্ত্রিক এই নির্বাচন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমিতির সামগ্রিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করবে।
Leave a Reply