“সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করে সাধারণ ছাত্র ছাত্রীরা”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নে অবস্থিত রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) সকাল ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগকারীরা জানান, প্রধান শিক্ষক স্থানীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের মাঠের প্রায় ৫২ শতাংশ জমি বন্ধক রেখে দেন। এমনকি বিদ্যালয়ের দক্ষিণ পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন আরও ৩০ শতাংশ জমিও তিনি ব্যক্তিগত স্বার্থে বন্ধক রাখেন। এসব জমিতে ধান ও ঘাস চাষের কারণে ছাত্র-ছাত্রীরা খেলার মাঠ ও অ্যাসেম্বলি থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৭ সালে মসজিদ নির্মাণের নাম করে ছাত্র প্রতি ১০০ টাকা ও শিক্ষক প্রতি ২,০০০ টাকা করে সংগ্রহ করলেও ৭ বছরেও কোনো মসজিদ নির্মাণ হয়নি। তাছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে বহু প্রার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিলেও নিয়োগ দেননি, বরং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগকারীদের মধ্যে আউয়াল খন্দকার বলেন, “আমাকে নিয়োগের কথা বলে টাকা নিলেও আজও চাকরি দেয়নি, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দেয়।” একই অভিযোগ করেছেন আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
এছাড়া স্থানীয় মহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না। ইচ্ছেমতো দুপুর ১-২টার মধ্যে ছুটি দিয়ে দেন। নিজের লোকজনকে ম্যানেজিং কমিটিতে বসিয়ে অর্থ আত্মসাৎ করছেন। ফলে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে এবং ফলাফলও দিন দিন খারাপ হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, বিদ্যালয় মাঠের একটি শতবর্ষী জামগাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন প্রধান শিক্ষক।
সহকারী শিক্ষকরাও তার প্রতি ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বছরের পর বছর টিউশন ফি, উন্নয়ন ফি, পরীক্ষা ফি ও বিভিন্ন প্রণোদনার টাকা সংগ্রহ করলেও শিক্ষকদের কোনো অংশ প্রদান করা হয় না। বরং তিনি একাই সব অর্থ আত্মসাৎ করেন। সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও তার নিত্যদিনের ঘটনা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা রংপুর-গাইবান্ধা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply