“৮ সপ্তাহ ধরে বন্ধ ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ্) হলের লাইব্রেরি, ভোগান্তিতে শিক্ষার্থীরা”
মোঃ সিয়াম বিশেষ প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসা।
রাজধানীর বুকে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই আলিয়া ঢাকার আল্লামা কাশগরী (রহ.) হলের একমাত্র লাইব্রেরিটি গত আট সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। সংস্কার কাজের ধীরগতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে লাইব্রেরি সংস্কারের কাজ শুরু হলেও কাজের গতি অত্যন্ত ধীর। সংস্কারের নামে লাইব্রেরির ভেতরের সব বই, টেবিল ও চেয়ার বাইরে বের করে রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কোনো পরিবেশই রাখছে না। হলের একমাত্র এই রিডিং রুমটি বন্ধ থাকায় বিপাকে পড়েছে কয়েক শত শিক্ষার্থী।
ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী মো. শোয়াইব বলেন, “একটি হলের প্রাণ হচ্ছে তার রিডিং রুম। নিরিবিলি এবং মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য এই লাইব্রেরির প্রয়োজন অনেক। কিন্তু আমরা গত আট সপ্তাহ ধরে দেখছি কাজের কোনো উন্নতি নেই। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে লাইব্রেরির সকল কাজ শেষ করে দ্রুত পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।”
শিক্ষার্থীরা জানিয়েছে, সামনে তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। কিন্তু লাইব্রেরি বন্ধ থাকায় তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না। লাইব্রেরি দ্রুত চালু করার দাবিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছেন শিক্ষার্থীরা।
Leave a Reply