“ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত”
মোঃ সিয়াম ঢাকা, আলিয়া প্রতিনিধি:
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত: নেপথ্যে পুরনো আধিপত্য ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ।
বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও শিক্ষাখাতে পুরনো শক্তির আধিপত্য বজায় রাখার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ, বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে সমালোচকদের দাবি, এই স্থগিতাদেশের নেপথ্যে রয়েছে ‘জমিয়াতুল মোদারেছিন’ নামক একটি সংগঠনের অদৃশ্য প্রভাব। তাদের অভিযোগ, এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং সেই উদ্দেশ্যে আসন্ন নিয়োগ পরীক্ষাকে তারা স্থগিত করতে বাধ্য করেছে। এই সংগঠনকে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবেও অভিযুক্ত করা হচ্ছে।
একই সঙ্গে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও প্রশ্নবিদ্ধ হয়েছে। সমালোচকরা বলছেন, ইউজিসি বিধিবহির্ভূতভাবে কাজ করছে এবং গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা উপেক্ষা করে পুরনো চক্রের স্বার্থ রক্ষা করছে। এর ফলে নিয়োগপ্রত্যাশীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, যখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে নিজস্ব গতিপথে ফিরতে প্রস্তুত ছিল, ঠিক তখনই একটি মহল এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। এই মহলকে আওয়ামী দোসর ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও চিহ্নিত করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ইউজিসিকে অনুরোধ জানিয়েছিলেন। ইউজিসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষা গ্রহণের পরবর্তী তারিখ এবং অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় স্থগিত হওয়ায় নিয়োগপ্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
Leave a Reply