“পবিপ্রবিতে উদ্যোক্তা সামিট অনুষ্ঠিত”
মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে পিএসটিইউ এন্ট্রেপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে “এন্ট্রেপ্রেনোরশিপ সামিট–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্নে উজ্জীবিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একদিনব্যাপী এই বিশেষ সামিট শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবটির সভাপতি আতিক রাহাত রহমান।
সামিটে দেশের প্রথম সারির শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করে তরুণদের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগান।
প্রধান বক্তাদের মধ্যে ছিলেন— এসিআই ফার্টিলাইজারের এক্সিকিউটিভ ডিরেক্টর বশির আহমেদ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের হেড অব অপারেশন আদনান নাসের ধ্রুব, বিকাশ লিমিটেডের জিএম (পে-রোল অফিসার) আশাদুন নবী আশক, এডভয় বাংলাদেশের কান্ট্রি হেড আসাদুজ্জামান রনি, এবং রবি বিডি অ্যাপসের রিজিওনাল অপারেশন লিড আশিকুল ইসলাম আশিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবি বিডি অ্যাপসের রিজিওনাল ম্যানেজার আশিকুল ইসলাম আশিক বলেন,
“ঝুঁকি নিতে শিখুন, কারণ আপনার সবচেয়ে বড় অনুশোচনা হবে সেই সুযোগগুলো, যা আপনি নেননি। বড় স্বপ্ন দেখুন, ছোট করে শুরু করুন, এবং কখনো থেমে যাবেন না। যাত্রাটাই আসল শিক্ষা।”
অন্যদিকে, এডভয় বাংলাদেশের কান্ট্রি হেড আসাদুজ্জামান রনি বলেন,
“একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই অভিজ্ঞ মেন্টরের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। মেন্টরশিপের মাধ্যমেই নবীন উদ্যোক্তারা সঠিক পথে অগ্রসর হয়ে লক্ষ্য অর্জনে সক্ষম হন।”
সারাদিনব্যাপী এ আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও পটুয়াখালী সরকারি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply