“নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবের বর্ণিল আয়োজন”
মোঃ নেছার আহমেদ, প্রতিনিধি মতলব, চাঁদপুর।
৫ই নভেম্বর সকাল থেকেই নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বাঙালির গ্রামীণ সংস্কৃতি ও শীতকালীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের পদচারণায়। বাঁশ,আলপনা ও রঙিন কাগজে সাজানো স্কুল প্রাঙ্গণ যেন এক টুকরো গ্রামের প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা দল বেঁধে বিভিন্ন পিঠা তৈরি করে প্রদর্শন করে—পাটিসাপটা, ভাপা, দুধপিঠা, চিতই, নকশিপিঠা, নারিকেল পোড়া পিঠা ইত্যাদি। প্রতিটি পিঠার স্বাদ ও সাজে ছিল নিজস্বতা ও ঐতিহ্যের ছোঁয়া।
আয়োজনে ছিল পিঠা তৈরির প্রতিযোগিতা, লোকসংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। বিচারকমণ্ডলীর মূল্যায়নে শ্রেষ্ঠ পিঠা নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান অতিথি জনাব আমজাদ হোসেন, নির্বাহী অফিসার মতলব দক্ষিণ, চাঁদপুর, ও বিশেষ অতিথি জনাব গাউছুল আজম পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতলব দক্ষিণ, চাঁদপুর। অতিথিরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের শিকড়ের সঙ্গে প্রজন্মের বন্ধনকে আরও দৃঢ় করে।”
দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে হাসি, আনন্দ ও খুশির উচ্ছ্বাসে। শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে পিঠার স্বাদ গ্রহণ করেন।
Leave a Reply