“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন ড. মিজানুর রহমান আজহারি”
মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:
আগামী ১৪ জানুয়ারি (বুধবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সফর করবেন দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার ও জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন।
রোববার (১১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল’ শীর্ষক এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন,
“ড. মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক স্কলার এবং তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আগ্রহ ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় রেখে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ‘পাঠাশালা’–এর উদ্যোগে আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের সেমিনার সমাজে ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এখান থেকে জীবনব্যবস্থা, নৈতিকতা ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় মূল্যবান দিকনির্দেশনা পাবে বলে আশাবাদী।
Leave a Reply