“হোমনায় এমকে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত”
মোঃ আসাদ উল্লাহ
কুমিল্লার হোমনার রূপকার ও কিংবদন্তি সাবেক মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত এমকে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) পরিবারের উদ্যোগে হোমনাস্থ বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কবর জিয়ারত এবং পরিবারবর্গ, সংসদ সদস্য, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন,হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল লতিফ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদসহ হোমনা, তিতাস ও মেঘনা উপজেলা এবং হোমনা পৌর বিএনপির নেতাকর্মীরা।
পরে প্রয়াত এমকে আনোয়ার ও তাঁর সহধর্মিণী মাহমুদা আনোয়ারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুস সালাম।
প্রকাশ, এমকে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে ঢাকা জেলার জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ১৯৯০ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।
সরকারি চাকরি শেষে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লার হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকার এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এমকে আনোয়ার।
Leave a Reply