“সাটুরিয়ায় মা-ছেলেকে গলা কেটে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আলোচিত প্রবাসী আশরাফ আলীর স্ত্রী পারভীন আক্তার এবং তাঁর ৬ বছর বয়সী সন্তান আব্দুল নূরকে গলা কেটে হত্যার দায়ে নিহত নারীর দেবর সোলাইমান হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার বিবরণ ও তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ভুক্তভোগী পারভীন আক্তারের সাথে তাঁর দেবর সোলাইমানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারভীন বিয়ের জন্য চাপ দিলে সোলাইমান অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সোলাইমান পারভীনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় শিশু সন্তান আব্দুল নূর ঘটনাটি দেখে ফেললে বিষয়টি গোপন রাখতে তাকেও একইভাবে হত্যা করা হয়।
ঘটনার পর ২০২০ সালের ৯ জানুয়ারি নিহতের মা মজিরন বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় সোলাইমান হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
উভয় পক্ষের আপিলের ঘোষণা:
আদালতের দেওয়া এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষই। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, রায়ে তারা ক্ষুব্ধ এবং সুবিচারের আশায় শিগগিরই উচ্চ আদালতে আপিল করবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, “দুইজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এ রায় অপ্রতুল। এতে রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হয়েছে। কাঙ্ক্ষিত শাস্তির দাবিতে আমরাও উচ্চ আদালতে আপিল দায়ের করব।”
Leave a Reply