“রক্তদান সংস্থা মনোহরদী’র ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ”
আমিনুল ইসলাম জনি, মনোহরদী,নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রক্তদান সংস্থা মনোহরদী।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় রক্তদান সংস্থা মনোহরদীর স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সংস্থার সদস্য- ফজলে রাব্বি, কামরুল হাসান রিফাত, মোস্তাকিম বিল্লাহ, মেহরাব ইসলাম মাসুম, ফারুক হোসাইন এবং রশিদ আল হারুনসহ পীরপুর স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় পীরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মসূচিতে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন। তাঁদের আন্তরিক সহযোগিতা, আতিথেয়তা ও স্বেচ্ছাসেবীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রক্তদান সংস্থা মনোহরদী।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছাসেবা শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবন রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সমাজের কল্যাণে সচেতনতা সৃষ্টি করাও তাদের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যকে সামনে রেখেই ডেঙ্গু প্রতিরোধে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সদস্য, পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
সবার প্রতি আহ্বান—নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলি।
Leave a Reply