“আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়েছে”
পলাশপাল,জেলাপ্রতিনিধি,নেত্রকোনা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে প্রচার শেষ হয়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচার কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সমাপ্ত হলো।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর অন্তত ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা প্রার্থী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে তা শেষ করতে হবে। সে অনুযায়ী, কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় প্রচার বন্ধ হবে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে আসনটি বাদে মোট ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আজ সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
Leave a Reply