টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।
মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি
——————————————————–
কপোতাক্ষ নদের তিন নদীর তীরে ফুটবল উৎসবের শুভসূচনা। ভোলানাথপুর মনিপুর কসমোপলিটন ক্লাব মাঠে শুরু হলো ৪ লক্ষ টাকার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৬। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নাটকীয় টাইব্রেকারে জয় পেয়েছে কয়রার ঐতিহ্যবাহী বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।
ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সাতক্ষীরার শক্তিশালী দল পিডিকে মিতালী সংঘ। খেলাটির ধারা বর্ণনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। তার সাবলীল বর্ণনায় পুরো মাঠ মেতে ওঠে ফুটবল উন্মাদনায়।
খেলার শুরু থেকেই দুই দল খেলে আক্রমণাত্মক ফুটবল। একপাশে কয়রা, অন্যপাশে সাতক্ষীরা – নদীর এপার-ওপারের এই লড়াইয়ে ছিল বাড়তি উত্তেজনা। দুই দলেই ছিল ২ জন করে নাইজেরিয়ান ফুটবলার। তাদের গতি আর স্কিলে বারবার গ্যালারি কেঁপে উঠেছে।
নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণেও কেউ জালের দেখা পায়নি। বাগালীর ফরোয়ার্ড লাইন বারবার ব্যর্থ হয়েছে মিতালীর দেয়ালসম রক্ষণে। ফলে গোলশূন্য ড্র নিয়ে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু হয় স্নায়ুর লড়াই। প্রথম শটেই বাগালী গোল করে এগিয়ে যায়। পাল্টা জবাব দেয় মিতালীও। ৫টি করে শটে দুই দলই দেখায় দুর্দান্ত নৈপুণ্য। ফলে উভয় দল ৫- ৫ বলে সমতা রক্ষা করে। পরবর্তী খেলা আবার ৫ টি করে বল করার জন্য মাঠে নামে।শেষ পর্যন্ত বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব ৬টি শটেই সফল হয়। অপরদিকে পিডিকে মিতালী সংঘ ৫টি গোল করলেও ১টি মিস করায় ম্যাচ হাতছাড়া হয় তাদের।
ফলাফল: বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব ০৬ – ০৫ পিডিকে মিতালী সংঘ
এই জয়ের ফলে ৪ দলীয় টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানান দর্শক ও আয়োজকরা।
আয়োজক ভোলানাথপুর- মনিপুর কসমোপলিটন ক্লাবের সভাপতি বলেন, কপোতাক্ষ পাড়ের মানুষ বছরের পর বছর এমন বড় আয়োজনের অপেক্ষায় ছিল। ৪ লক্ষ টাকার এই টুর্নামেন্ট যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে।
উপকূলের এই ফুটবল উৎসব প্রমাণ করলো, নদী সীমানা ভাগ করতে পারে, কিন্তু খেলার ভালোবাসা দুই জেলার মানুষকে এক করে দেয়। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আরও দুটি শক্তিশালী দল।
মোক্তার হোসেন।
খুলনা।
Leave a Reply