“মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা”
মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে এক জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার সময় তাঁকে আটক করা হয়।
আটক জেলের নাম মো: লাদেন ফকির (২১)। তিনি ফরিদপুর জেলার মাতব্বরের ডাঙ্গী গ্রামের মো:আবু বক্কর ফকিরের ছেলে। তাঁর মায়ের নাম তসিরন বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার সময় অভিযানে থাকা সদস্যরা জেলেদের বাধা দেন এবং ট্রলারটি আটক করতে ধাওয়া করেন। এ সময় আটক জেলের সঙ্গে প্রশাসনের সদস্যদের ধস্তাধস্তি হয় বলে জানানো হয়েছে। পরে প্রায় এক লাখ টাকা মূল্যের জাল ও নৌকা এবং এক ক্যারেট ইলিশ মাছ জব্দ করে আন্দারমানিক ঘাটে নিয়ে আসা হয়।
পরে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এরপর তাঁকে হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ এতিমখানার শিশুদের জন্য দান করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব হবে এবং দেশের জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বাড়বে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ সময়ে জেলেদের সরকারি অনুদানও দেওয়া হয়েছে। এরপরও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের সম্পদ মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply