“লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকালে লালপুর থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মো. ইমন (২২) ও মো. মামুন (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর উপজেলার চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটা থেকে চারটি পানির মোটর চুরি হয়। ইটভাটার মালিক মো. সবুজ আলী (২৮) রাতের কাজ শেষে মোটরগুলো বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৬টার দিকে ইটভাটায় এসে মোটরগুলো না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।
এ ঘটনায় তদন্ত শুরু করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম। পরে লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার করা হয়েছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
এই ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply